ছয় বছর পর ছাত্রলীগের কমিটি গঠন
মেয়াদ শেষ হওয়ার ছয় বছর পর লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার ৭১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, তিন বছর মেয়াদি নতুন কমিটির সভাপতি কামাল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম। বুধবার রাত নয়টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মহিউদ্দিন আদিতমারী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির সহসভাপতি হলেন আদিতমারী ডিগ্রি কলেজের ছাত্র অনুপম রায় এবং যুগ্ম সম্পাদক একই কলেজের ছাত্র ফণীভূষণ রায়। রাতে মাত্র চার পদের নাম ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল খালেক বলেন, কমিটির অন্য সদস্যদের নাম নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পরে ঘোষণা করবেন।
বুধবার বেলা ১১টায় আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০০৫ সালে গঠিত আদিতমারী উপজেলা ছাত্রলীগ কমিটির মেয়াদ ২০০৮ সালে শেষ হয়। কিন্তু নানা কারণে এত দিন নতুন কমিটি গঠন করা যায়নি।