ছয় বছর পর ঝিনাইদহ জেলা যুবদলের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল সোমবার যুবদলের এক কর্মিসভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আহসান হাবিব (রনক)। তিনি জেলা যুবদলের বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মীর ফজলে এলাহীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বেলা ১১টায় শহরের কে আহমেদ পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মিসভায় জেলা বিএনপি ও যুবদলের পাশাপাশি দলটির অন্যান্য অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কর্মিসভায় সভাপতিত্ব করেন আহসান হাবিব। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহ বিএনপির সভাপতি মসিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, যুবদলের এ নতুন কমিটি ভবিষ্যতে জেলায় আন্দোলন-সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।
পরে ঝিনাইদহের ছয়টি উপজেলা থেকে আসা যুবদলের কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সাপেক্ষে যুবদলের নতুন কমিটির শীর্ষ তিনটি পদের জন্য ওই তিনজনের নাম ঘোষণা করা হয়। তাদের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
এর আগে ২০১১ সালে ঝিনাইদহ যুবদলের তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০১৪ সালে আহ্বায়ক কমিটি করা হয়। সেই কমিটিও তিন বছর দায়িত্ব পালন করল।