ছয় বছর পর সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি গত সোমবার রাতে ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। এই কমিটিতে জায়গা না পাওয়া নেতারা রাতেই উপজেলা সদরে ঝাড়ুমিছিল বের করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়াইনঘাট ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। ৩৭ সদস্যের এ কমিটিতে শাহজাহান সিদ্দিকী সভাপতি ও আশরাফ জামিল সাধারণ সম্পাদক হয়েছেন।
দলীয় সূত্র জানায়, ২০১১ সাল থেকে গোয়াইনঘাট ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। ছাত্রত্ব শেষ হয়ে গেছে, এমন নেতারাও নতুন কমিটিতে স্থান পাওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু ছাত্রত্ব আছে যাঁদের, কেবল তাঁদেরই এ কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। অছাত্র কাউকে এ কমিটিতে পদ দেওয়া হয়নি। এতে করে পদপ্রত্যাশিত অনেকে ক্ষুব্ধ হয়েছেন।
নতুন কমিটি গঠনের বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার রাতেই বিশেষ সভা করেন পদবঞ্চিত নেতারা। এ সভা থেকে নতুন কমিটিতে পদ পাওয়া ৩৭ জনকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে ঝাড়ু হাতে মিছিল বের করেন পদবঞ্চিতরা। মিছিলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ছাত্রলীগের কর্মী এ কে এম জাকারিয়া, আশফাকুল আলম, মাহবুবুর রহমান নেতৃত্ব দেন। তাঁদের দাবি, নতুন কমিটিতে সুবিধাভোগীরাই স্থান পেয়েছেন, ত্যাগী নেতারা পদবঞ্চিত হয়েছেন।
রাতে এমন বিক্ষুব্ধ অবস্থা থাকলেও গতকাল মঙ্গলবার কমিটি নিয়ে কোনো প্রকার ক্ষোভ-বিক্ষোভ দেখা যায়নি।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বড় সংগঠন হওয়ায় পদ পাওয়ার তালিকাটাও দীর্ঘ ছিল। তাই এ রকম কিছু ক্ষোভ থাকবেই। আমরা নতুন কমিটিকে নির্দেশনা দিয়েছি, সবাইকে নিয়েই সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে হবে।’ ছাত্রলীগের গঠনতন্ত্র ও নীতি অনুসরণ করে পরিচ্ছন্ন ভাবমূর্তির ও ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, এই কমিটি প্রত্যাখ্যান করে যদি কেউ কিছু করেন, সেটি তাঁর বা তাঁদের ব্যক্তিগত বিষয়।