দীর্ঘ ছয় বছর পর শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গত রোববার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। এতে উপজেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা সদরের খামারিয়াপাড়া এলাকার একটি মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-২ আসনের সাবেক সাংসদ মো. মাহমুদুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবদুর রহিম।
সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও আবদুল আওয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবদুল হাকিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুল হাসান ও আবদুল্লাহ আল মামুন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুজ্জামান মতিন, শ্রীবরদী শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবু রায়হান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবু হারিছ, যুবদলের সাধারণ সম্পাদক এস এম সোহানুর রহমান, ছাত্রদলের সভাপতি রেজুয়ানউল্লাহ, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক তাহাজুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা ও নিপীড়ন চালিয়ে বিরোধী দলের আন্দোলনকে দমাতে চায়। কিন্তু বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ দেশে অবশ্যই জনগণের অধিকার ও শাসন আর গণতন্ত্র ফিরিয়ে দেবে।
রোববার রাত নয়টার দিকে সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি মাহমুদুল হক উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে মো. আবদুল হাকিম ও আবদুর রহিমের নাম ঘোষণা করেন।
দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণ সম্পর্কে জেলা বিএনপির আহ্বায়ক বলেন, হামলা-মামলা ও পুলিশি হয়রানির কারণে তাঁরা যথাসময়ে সম্মেলন করতে পারেননি। সর্বশেষ ২০১০ সালে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল।