ছয় বছর পর সম্মেলন হচ্ছে যশোর ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৯ মার্চ যশোর জেলা ছাত্রলীগের সম্মেলনের দিন ধার্য করেছে কেন্দ্রীয় কমিটি। ছয় বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলন ঘিরে দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে প্রাণসঞ্চার হতে শুরু করেছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি শনিবার যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো কেন্দ্রীয় কমিটির কোনো চিঠি হাতে পাইনি। তবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদার ফেসবুক পেজ থেকে বিষয়টি জানতে পেরেছি।’ সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে তিনি বলেন, যশোর জেলা ছাত্রলীগের অধীনে ২০টি শাখা কমিটি রয়েছে। ১৬টির কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। অবশিষ্ট চারটির কমিটি সম্মেলনের আগেই করা হবে।

যশোর জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১০ সালের ১৪ মার্চ। দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এ সম্মেলনে কমিটি করা যায়নি। তবে ২০১১ সালের জুলাইয়ে আরিফুল ইসলামকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের একজন নেতা প্রথম আলোকে বলেন, সেই কবে মেয়াদোত্তীর্ণ হলেও অজানা কারণে আজও জেলা ছাত্রলীগের সম্মেলন হয়নি। হঠাৎ করে কেন্দ্রীয় কমিটি সম্মেলনের তারিখ ঘোষণা করায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণসঞ্চার হয়েছে। ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে।