ফরিদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি
ছয় মাসেও একসঙ্গে বসতে পারেননি সভাপতি-সম্পাদক
ফরিদপুরে দলীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দুই নেতা নির্বাচিত হওয়ার পর চলে গেছে ছয়টি মাস। অথচ এ সময়ের মধ্যে ওই দুই নেতা এক দিনের জন্যও ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একসঙ্গে বসতে পারেননি।
ওই দুই নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য ‘ডেডিকেটেড (নিবেদিত প্রাণ) লোকদের সন্ধান’ করে সময় পার করেছেন। অপরদিকে সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, এ ব্যাপারে কথা বলার জন্য তিনি সভাপতির নাগালই পাননি।
গত ২২ মার্চ দলীয় সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুবল চন্দ্র সাহা ও সৈয়দ মাসুদ হোসেন। ‘কিছুদিনের মধ্যে’ এই দুই নেতা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে ওই দিন আশাবাদ ব্যক্ত করেছিলেন জনপ্রশাসনমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
কিন্তু গত ছয় মাসেও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। এর ফলে জেলার দলীয় রাজনীতিতে নেমে এসেছে স্থবিরতা। সম্মেলনের পর ছয় মাস পার হয়ে গেলেও জেলা আওয়ামী লীগের কমিটিতে নতুন একটি নামও যুক্ত হয়নি।
দীর্ঘ ১১ বছর পর সম্মেলন হওয়ায় দলের নিবেদিতপ্রাণ কর্মীরা মূল্যায়িত হওয়া এবং নেতারা উচ্চপর্যায়ে যাওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, কমিটি গঠনের দীর্ঘসূত্রতায় তা হতাশায় পর্যবসিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কেন্দ্রে কমিটি জমা পড়েনি। দুজন (সভাপতি, সম্পাদক) একসঙ্গে বসতেও পারেননি। তিনি দাবি করেন, সভাপতি কমিটি গঠনে বসার জন্য সম্পাদককে চিঠি দিয়েছেন, টেলিফোনেও বলেছেন কিন্তু সম্পাদক চিঠি গ্রহণ করেননি। তিনি বলেন, ‘দুজনের মতানৈক্য হতেই পারে। কিন্তু দুজন একসঙ্গে বসেননি। শোনা যাচ্ছে দুজনই আলাদাভাবে কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছেন। কেন্দ্রও চাপ দিচ্ছে। তবে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘আমি সম্পাদক নির্বাচিত হওয়ার পরদিন থেকেই সভাপতির সঙ্গে বসে পূর্ণাঙ্গ কমিটি করার উদ্যোগ নিয়েছিলাম। এ ব্যাপারে সভাপতিকে দুই দফা লিখিত চিঠি দিয়েছি, তার প্রমাণ আমার কাছে আছে। এ ছাড়া ফোন করেও বলেছি, আসুন একসঙ্গে বসি, কমিটি গঠন করি। কিন্তু আমি তাঁর (সভাপতি) নাগাল পাইনি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচিত হওয়ার পর টুঙ্গিপাড়া যাওয়া, দলীয় প্রধানের সঙ্গে দেখা করার জন্যও সভাপতিকে আমি পাশে পাইনি।’
কমিটি গঠনে সভাপতির উদ্যোগের ব্যাপারে সাহেব সরোয়ারের বক্তব্য নাকচ করে দিয়ে সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘আমি কোনো চিঠি পাইনি। তাঁর (সভাপতি) কাছ থেকে আমি কোনো ফোনও পাইনি।’ সভাপতি ও সম্পাদকের আলাদা কমিটি করার বিষয়ে সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘আমি কোনো কমিটি করিনি।’ পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ হতে পারে, জানতে চাইলে সৈয়দ মাসুদ বলেন, ‘আমি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে যতটা বুঝতে পেরেছি, কেন্দ্রীয় কাউন্সিলের (২২ ও ২৩ অক্টোবর) আগে জেলার পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না।’
অপরদিকে ‘কমিটি প্রক্রিয়াধীন আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে’-মন্তব্য করে সুবল চন্দ্র সাহা বলেন, ফরিদপুর অনেক বড় জেলা। যাঁরা নিবেদিতপ্রাণ, তাঁদের খুঁজে বের করতে সময় লাগছে। যাচাই-বাছাই, কাটা-ছেঁড়া করতে হচ্ছে। নেত্রীর নির্দেশ আছে, যারা আওয়ামী লীগ করে, তাদের দায়িত্ব দেওয়ার।’ ‘কমিটি নিয়ে আমরা অনেকবার বসেছি’ মন্তব্য করে সুবল সাহা বলেন, ‘যাঁরা দায়িত্বশীল, তাদের নিয়েই বসেছি।’ সাধারণ সম্পাদককে নিয়ে বসেছেন কি না, জানতে চাইলে ‘এটা অপ্রাসঙ্গিক কথা’ মন্তব্য করে তিনি প্রশ্ন করেন, ‘আমি কাকে নিয়ে কোথায় বসব বা বসেছি, তা নিয়ে কথা বলার দরকার আছে কি? এটা তো দলীয় ব্যাপার, তুমি তো (এই প্রতিবেদক) আওয়ামী লীগ করো না।’ তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কেন্দ্রীয় সম্মেলনের আগেই জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’