ছয় মাসের মধ্যে শহরের চেহারা পাল্টে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে নারীদের জন্য আলাদা বাজার, শিশুর মানসিক বিকাশের জন্য বিনোদনকেন্দ্র, গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে গণশৌচাগার নির্মাণ, রাস্তা সংস্কার ও দখল মুক্তকরণ, মেয়র নাট্যোৎসবসহ পৌর এলাকার নাগরিকদের নানা সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন পৌরসভার নাগরিকেরা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যশোরের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে যশোর পৌরসভার সেবাসম্পর্কিত নাগরিক সংলাপে এসব দাবি জানানো হয়। সংলাপে পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার নাগরিকদের সব প্রশ্নের উত্তর দেন।

নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মেয়র জহিরুল বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে পৌর এলাকার চেহারা পাল্টে যাবে। শহরের সব ভাঙাচোরা রাস্তা সংস্কার করা হবে। ইতিমধ্যে শহর এলইডি বাতির আলোয় আলোকিত করা হয়েছে। ফুটপাত ও নর্দমা নির্মাণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমার একার পক্ষে সব করা সম্ভব হবে না। আপনাদেরও পাশে দাঁড়িয়ে সহায়তা দিতে হবে।’

যশোর প্রেসক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাকের যশোর সভাপতি এম আর খায়রুল উমাম। বক্তব্য দেন শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান ও তারাপদ দাস, আইনজীবী মাসুমা বেগম, ন্যাপের জেলা সভাপতি মাস্টার নূর জালাল, সেমিনার পরিষদের সাধারণ সম্পাদক দীপক রায়, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস, সাংবাদিক মনিরুল ইসলাম, আইনজীবী সোহেল শামীম প্রমুখ।