ছয়টি ইউপিতে ভোট ১৬ এপ্রিল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ১৬ এপ্রিল ভোট নেওয়া হবে। গত বুধবার রাতে জেলা নির্বাচন কমিশন কার্যালয় এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকা মির্জাপুর নির্বাচন কার্যালয়ে পৌঁছায়নি।
ওই ছয়টি ইউপি হলো লতিফপুর, বহুরিয়া, ফতেপুর, তরফপুর, আজগানা ও ভাওড়া। মির্জাপুরের ১৪টি ইউপির মধ্যে গত বছরের ২৮ মে ৮টিতে নির্বাচন হয়। মেয়াদ শেষ না হওয়ায় ৬টিতে তখন ভোট হয়নি। ২০১২ সালে ফেব্রুয়ারি এগুলোতে নির্বাচন হয়েছিল।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। তবে বিকেল পাঁচটা পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তফসিল অনুসারে, ২০ মার্চ মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ দিন। ২১ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ২৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দের জন্য ২৯ মার্চ সময় নির্ধারণ করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, সর্বশেষ গত ৩১ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ হয়। আগামী রোববারের মধ্যে ওই তালিকা মির্জাপুরে পৌঁছাবে। এর মধ্যে কেউ মনোনয়নপত্র জমা দিতে চাইলে তাঁদের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে দেওয়া হবে।