লক্ষ্মীপুর সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা। এতে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা করছেন দলীয় নেতা-কর্মীরা। এদিকে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন।
২৮ মে লক্ষ্মীপুর সদর উপজেলার ১২টি ইউপির নির্বাচন হবে।
দলীয় সূত্র জানায়, দিঘলী, মান্দারী, হাজিরপাড়া, কুশাখালী, চরশাহী ও ভবানীগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে আছেন। দিঘলী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শেখ মুজিবুর রহমানের সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও শ্রমিক লীগের নেতা মো. ইসমাইল হোসেন। ভবানীগঞ্জ ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাইফুল হাসান। তাঁর বিরুদ্ধে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম। মান্দারী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহিম। এই ইউপিতে তাঁর বিরুদ্ধে লড়ছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন এবং থানা কৃষক লীগের সাবেক সভাপতি ফিরোজ আলম খান। চরশাহী ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান গোলজার মোহাম্মদ। এখানে দলটির বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম। কুশাখালীতে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিনের বিরুদ্ধে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোশারেফ হোসেন ও সোয়েব মাহমুদ। হাজিরপাড়া ইউপিতে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে লড়ছেন শামছুল আলম। এখানে তাঁর বিরুদ্ধে লড়ছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, এই ছয় ইউপিতে গত এক সপ্তাহে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া পাল্টাপাল্টি হামলা ও মাইক ভাঙচুরের ঘটনাও ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে বলেন, এই ছয় ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় সুফল পাবে বিএনপি।
দিঘলী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শেখ মুজিবুর রহমান বলেন, বিদ্রোহী প্রার্থীর লোকজন তাঁর কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁর পোস্টার ছেঁড়া হয়েছে। তিনি বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছেন। তবে বিদ্রোহী প্রার্থী ইসমাইল হোসেন এসব অভিযোগ অস্বীকার করেন।
কুশাখালী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন বলেন, শান্তিরহাট বাজারে তাঁর তিন কর্মীকে বিদ্রোহী প্রার্থীর কর্মীরা মারধর করেছেন। তবে বিদ্রোহী প্রার্থী মোশারেফ হোসেন এ অভিযোগ অস্বীকার করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাঁরা দলের স্বার্থে সরে দাঁড়াবেন বলে তিনি আশা করছেন। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, দিঘলী ও কুশাখালী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিভিন্ন অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।