জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল থেকে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ‘ছাত্র ধর্মঘটের’ ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার বিকেলে সংগঠনটির সাধারণ সম্পাদক ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশব্যাপী অপহরণ, খুন, গুম, গণগ্রেপ্তার, নৈরাজ্য ও তথাকথিত বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট আহ্বান করা হলো। তাই কাল থেকে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখতে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলে শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ এবং ওমর ফারুকের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল-আশরাফ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী ধর্মঘট আহ্বান করা হয়েছে।’

গত শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার (গতকাল) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা এবং ‘দলকানা’ উপাচার্যের পদত্যাগের দাবিতে এ ধর্মঘটের ডাকে সংগঠনটি।