জগন্নাথপুরে আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী দলের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করতে জেলা ও কেন্দ্রীয় যুবলীগকে অনুরোধ জানানো হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন, ‘যেহেতু বিদ্রোহী প্রার্থী দলীয় নির্দেশ অমান্য করেছেন, তাই উপজেলা আওয়ামী লীগ তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে পাঠাতে পারে। আমরা সেটি কেন্দ্রে পাঠাব। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কেন্দ্র থেকে।’
দলের এই সিদ্ধান্তকে অগঠনতান্ত্রিক বলে দাবি করেছেন মুক্তাদীর আহমদ। তিনি বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় অগঠনতান্ত্রিকভাবে কোরাম পূরণ ছাড়াই আমার বিরুদ্ধে মনগড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দুঃখজনক। দলের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে না। আমার মতো একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মীকে অবমূল্যায়নের জবাব ৬ মার্চ ব্যালটের মাধ্যমে সাধারণ মানুষ দেবে।’
উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন বলেন, ‘আমি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। যুবলীগের সব পর্যায়ের নেতাদের সিদ্ধান্তে আমি নির্বাচনে অংশ নিয়েছি। আমাকে বহিষ্কারের ক্ষমতা উপজেলা আওয়ামী লীগের নেই।’
তবে আকমল হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগ দলের গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে এবং তাঁরা তা করতে পারেন।