১০ বছর বয়সে যুক্তরাজ্যে যান তিনি। সেখানে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। নিয়েছেন উচ্চতর ডিগ্রি। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন তিনি ‘স্বশিক্ষিত’।
তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম। গত নির্বাচনেও তিনি মেয়র পদে নির্বাচন করেছেন।
শুধু শাহ নুরুল করিম নন, এই পৌরসভায় অপর দুই মেয়র পদপ্রার্থীও ‘স্বশিক্ষিত’। এঁরা হলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মনাফ এবং বিএনপির প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজু আহমদ। তিন মেয়র প্রার্থী আবার যুক্তরাজ্য-প্রবাসী। জগন্নাথপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তাঁদের হলফনামাগুলো থেকে এই তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই তিন প্রার্থীর কমবেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে। মূলত শিক্ষাসনদ জমা দেওয়ার ‘ঝামেলা’ এড়াতেই তাঁরা এই কৌশল নিয়েছেন।
বিএনপির মেয়র প্রার্থী মো. রাজু আহমদ একসময় ছাত্র রাজনীতি করেছেন। ছিলেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সভাপতি। তিনিও হলফনামার শিক্ষাগত যোগ্যতার কলামে লিখলেন ‘স্বশিক্ষিত’।
এলাকাবাসী ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজু আহমদ জগন্নাথপুর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এরপর তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি হন। পরে চলে যান যুক্তরাজ্যে। এবার দেশে এসে বিএনপির মেয়র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এ ব্যাপারে কথা বলার জন্য রাজু আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি গণসংযোগে ব্যস্ত আছেন বলে জানান। তবে এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেছেন, তিনি ছাত্র রাজনীতিতে থাকা অবস্থায়ই যুক্তরাজ্যে চলে যান। যুক্তরাজ্যে থাকলেও তিনি নিয়মিত দেশে আসা-যাওয়া করেছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি যেটা উল্লেখ করেছেন সেটাই সঠিক।
স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম ‘স্বশিক্ষিত’ প্রসঙ্গ এড়িয়ে যান। তিনি বলেন, ‘এটা বিষয় নয়, আসল হলো কে মানুষের জন্য কাজ করতে পারবেন। আমি কাজ করে যাচ্ছি। এবার ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা দুই দলের বাইরে এসে আমাকেই নির্বাচিত করবে বলে আশা করছি।’
আওয়ামী লীগের প্রার্থী আবদুল মনাফ স্কুলে লেখাপড়া করার সময়ে ১৯৬৭ সালে যুক্তরাজ্যে চলে যান। তিনি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি যখন মাধ্যমিক স্কুলে পড়ি তখনই লন্ডনে চলে যাই। স্কুলের শিক্ষাসনদ আমার হাতে নেই। তাই স্বশিক্ষিত লিখেছি।’
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির বলেছেন, ‘প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্যের বিষয়ে আমরা কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। কেউ সঠিক তথ্য না দিলে এবং এ বিষয়ে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’