জঙ্গি দমন করায় বিএনপির অন্তর্জ্বালা হচ্ছে: কাদের
সরকার জঙ্গিবাদ দমন করছে। আর এ জন্য বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি জঙ্গিবাদ নিয়ে রাজনীতি করছে, মদদ দিচ্ছে।
গতকাল শুক্রবার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকের দিনের শপথ হবে বঙ্গবন্ধুর বিজয়কে, বাঙালির বিজয়কে সুসংহত করতে আমরা সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গঠন করব। তবে এখানে একটা রাজনৈতিক অপশক্তি আছে। আর সেই অপশক্তিকে মদদ দেয় বিএনপি।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।