জঙ্গি দমনে কোনো সমন্বিত উদ্যোগ নেই: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হোলি আর্টিজান বেকারিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : আবদুস সালাম
আজ শনিবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হোলি আর্টিজান বেকারিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : আবদুস সালাম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা আশা করেছিলাম, একটা সামগ্রিক ও সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে দেশের মধ্যে বিভিন্নভাবে যে উগ্রবাদী নেটওয়ার্ক চেপে বসেছে, সেটাকে উৎখাত করা হবে। কিন্তু ক্ষমতাসীনদের দিক থেকে এই ধরনের কোনো সমন্বিত উদ্যোগ আমরা দেখিনি।’

আজ শনিবার গুলশানের হোলি আর্টিজানে হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি জঙ্গিবাদ নিয়ে কোনো রহস্য তৈরি না করে তা নির্মূলে সমন্বিত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

রিজভী বলেন, ‘আমরা চাই, কোনো ধরনের রহস্য যেন তৈরি না হয়। বাইরের বিভিন্ন সংগঠন বলছে, এটা আইএস করছে। সরকার বলছে, না।’ তিনি বলেন, ‘এগুলোর মধ্য দিয়ে যে রহস্য দানা বেঁধেছে, সেই রহস্য এবং কুজ্ঝটিকা সরানোর দায়িত্বও সরকারের। মানুষের মন থেকে সব শঙ্কা দুর করার দায়িত্ব ক্ষমতাসীনদের।’

বিএনপির নেতা রিজভী বলেন, এদের গুহাগুলো কোথায়, নেটওয়ার্ক কোথায়-তা যদি অনুসন্ধান করে চিহ্নিত করা যেত, তাহলে আর পুনরাবৃত্তি হতো না। আর এ সমস্ত ঘটনা ঘটত না। তিনি বলেন, ‘দেশ ও জাতির জন্য আজকের দিনটি একটি কালো অধ্যায়। দেশ-বিদেশের এতগুলো মানুষ উগ্রবাদী জঙ্গিদের হাতে নির্মমভাবে নিহত হওয়া নিঃসন্দেহে আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেখানে কলঙ্ক তিলক এঁকে দিয়েছিল।’

জঙ্গিবাদ দমনে সরকারের কার্যক্রম সম্পর্কে রিজভী বলেন, ‘যতবারই শুনেছি যে ক্ষমতাসীনরা নির্মূল করছেন, তারপরও দেখা গেছে যে কোথাও না কোথাও উগ্রবাদ তার হিংস্র থাবা মেলেছে, তার হিংস্র কামড় দিয়েছে।’ এ সময় গুলশান হামলার বিচার এখনো শুরু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।