জঙ্গি দমনে প্রতি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি দমনে ওয়ার্ড ও এলাকাভিত্তিক কমিটি গঠন করা হবে চট্টগ্রামে। রাজধানীর গুলশানে এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে ১৪ দল আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, শরিক দলের সদস্যদের নিয়ে ওয়ার্ড ও এলাকাভিত্তিক জঙ্গি এবং সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করা হবে। ওই কমিটির সদস্যরা হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে জঙ্গি প্রতিরোধে কাজ করবেন।

গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের শহীদ মিনার প্রাঙ্গণে জঙ্গিবাদবিরোধী এ প্রতিবাদ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মহিউদ্দিন চৌধুরী। তিনি চট্টগ্রাম নগর ১৪ দলের সমন্বয়ক।

মসজিদে খুতবার আগে জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানান মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আপনাদের কথা মুসল্লিরা শুনবেন। জঙ্গিদের ঘৃণা করার পাশাপাশি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন। ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে।’

সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, ‘সুতোর টানে পুতুল নাচে। জঙ্গিদের সুতো বহু দূরে।’ জঙ্গি সংগঠন আইএস সৃষ্টির পেছনে পশ্চিমা শক্তি জড়িত বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘আমেরিকায় পাঁচজন পুলিশকে হত্যা করা হয়েছে। আর আমার দেশে হত্যাকাণ্ড ঘটলে কেবল তারা সহযোগিতা করতে চায়।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে, বিশেষ করে ছাত্রলীগে বিএনপি–জামায়াত ঢুকে পড়েছে। খোঁজ নিয়ে জেনেছি এলাকায় বিএনপি করে, কিন্তু এমইএস কলেজ ও সিটি কলেজে ভর্তি হয়ে সে ছাত্রলীগ হয়ে যায়। সবাইকে সজাগ থাকতে হবে।’ তিনি বলেন, জঙ্গি মোকাবিলায় ১৪ দলের ঐক্যকে সুদৃঢ় করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরিক দলের অনেকে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলেও তিনি দাবি করেন। 

সংরক্ষিত নারী আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খান বলেন, জঙ্গি দমনে যে কমিটি হবে, তাতে নারীদের সম্পৃক্ত করতে হবে। সন্তানদের পরিবার থেকে শিক্ষা দিতে হবে। সন্তানদের সঠিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা না দিলে, তারা বিপথে পরিচালিত হবে।

ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, জসিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক আজাদ দোভাষ, ন্যাপ নেতা কাজী আলমগীর কবির, সাম্যবাদী দল নেতা অমূল্য বিকাশ বড়ুয়া ও গণতন্ত্রী পার্টির নেতা স্বপন সেন।