জঙ্গি দমনে বিএনপি সহায়তা দিতে প্রস্তুত: রিজভী
বাংলাদেশে জঙ্গি দমনে বিএনপি সরকারকে সবচেয়ে ‘অভিজ্ঞ’ ও ‘সফল’ দাবি করেছে বিএনপি। দলটি বলেছে, মানবতা, সভ্যতাবিরোধী যেকোনো ধ্বংসাত্মক জঙ্গি কর্মকাণ্ড দমন করতে অতীতের অভিজ্ঞতা দিয়ে বিএনপি সহায়তা দিতে প্রস্তুত। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রুহুল কবির রিজভী দেশে জঙ্গি উত্থান ও এর পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ‘আপনাদের মন্ত্রী ও নেতাদের কথাবার্তাতেই স্পষ্ট হয়, জঙ্গিরা আপনাদের দ্বারাই প্রশ্রয় লাভ করছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, লাদেনের প্রশিক্ষিত আট হাজার জঙ্গি বাংলাদেশে এসেছে। বিএনপিকে দোষারোপ না করে ইনুর কাছে জানতে চান, জঙ্গিরা কোথায় আছে।’
রিজভী দাবি করেন, সরকার ‘মূল জঙ্গিদের’ আড়াল করার জন্যই বিএনপি নেতাদের ওপর বারবার এসব জঙ্গি হামলার দায় চাপিয়ে যাচ্ছে। অথচ আলোচিত এসব ঘটনার এখন পর্যন্ত ক্লু বের করতে পারেনি সরকার। তাঁর দাবি, বিএনপি কখনোই হত্যা-সন্ত্রাস-খুনের রাজনীতি করে না। বরং আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা এবং বর্তমান মন্ত্রীর আত্মীয়ের প্রতিষ্ঠিত জেএমবিকে বিএনপি আমলেই নির্মূল করা হয়েছিল।
রিজভী বলেন, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার নেতৃত্বে ছিল ফারুক ও জাকারিয়া নামের দুই জঙ্গি। ফারুক ও জাকারিয়া দুজনই গ্রেপ্তার হয়েছিল বিএনপি সরকারের আমলে। কিন্তু তারা বর্তমান সরকারের আমলে জামিনে মুক্তি পায়।
সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।