জঙ্গি দমনের নামে সরকার বিএনপি নেতা-কর্মীদের ধরপাকড় করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। এর পরিণতি কখনো ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তাঁরা।
দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী, গতকাল শনিবার দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে চট্টগ্রাম নগর বিএনপি এই প্রতিবাদ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।
নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও আবুল হাশেম।
সমাবেশে শাহাদাত হোসেন বলেন, বিএনপি জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইদের ফাঁসি দিয়ে জঙ্গি নির্মূলকাজ শুরু করেছিল। কিন্তু এই অবৈধ সরকার দেশের জঙ্গি দমনে ব্যর্থ হয়েছে। সরকার জঙ্গি দমনের নামে দেশব্যাপী বিএনপির ১৪ হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে সরকার।
শাহাদাত হোসেন আরও বলেন, হাইকোর্টের আদেশ অনুসারে ৫৪ ধারায় কাউকে গ্রেপ্তার করতে হলে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। কিন্তু সে আদেশ অমান্য করে সরকার গণগ্রেপ্তার করছে।
সমাবেশে নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান সরকারের সমালোচনা করে বলেন, দেশে আইনের শাসন ও মানবাধিকার বলতে কিছু নেই। এই সরকারের দুঃশাসন ও নির্যাতন-নিপীড়নে সাধারণ মানুষ অতিষ্ঠ। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।
আবু সুফিয়ান বলেন, দেশব্যাপী জঙ্গি দমনের নামে গণগ্রেপ্তার চালানো হচ্ছে, যাতে জনগণ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। এসব নির্যাতন-নিপীড়ন সহ্য করে গণতন্ত্র ও ভোটের অধিকার উদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা রাজপথে থাকবেন।