জঙ্গি নেত্রী আর গণতন্ত্রের নেত্রীকে এক পাল্লায় মাপা যাবে না: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার আর মুক্তিযোদ্ধা; জঙ্গি নেত্রী আর গণতন্ত্রের নেত্রী এবং আগুন সন্ত্রাসী আর গণতন্ত্রের কর্মীকে এক পাল্লায় মাপা যাবে না। আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী ‘জাতীয় উন্নয়নে আঞ্চলিক সাংবাদিকতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গণমাধ্যমের দায়িত্ব ভারসাম্য রক্ষা করা নয়। সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বস্তুনিষ্ঠ হবেন, আপনি সরকারের ভুল-ত্রুটির ব্যাপারে সরকারের সমালোচনা মুখর হবেন; কিন্তু রাজাকার আর মুক্তিযোদ্ধাকে এক পাল্লায় মেপে সমাজে রাজাকারদের প্রতিষ্ঠা করার দুষ্কর্মে সংবাদকর্মী লিপ্ত হবেন না। আপনাকে যদি পক্ষ নিতেই হয় তবে সংবিধানের পক্ষ নিন।’
সাংবাদিকদের ভুল করার কোনো সুযোগ নেই উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা ভুল করলে সমাজ ও গণমাধ্যম ঐক্যবদ্ধভাবে তা শুধরে দেয়। কিন্তু যাঁরা অভিভাবকদের পাহারা দেন, সেই পাহারাদাররা যদি ভুল করেন, তাহলে গণমাধ্যম ও গণতন্ত্র ধ্বংস প্রাপ্ত হয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশে যদি কোনো পত্রিকা প্রথম ও শেষ পাতায় প্রধানমন্ত্রী-বিরোধী দলীয় নেত্রীর ছবি না ছাপায় তবে সেই পত্রিকাকে আমরা শত্রু মনে করি। এই ধারণা সঠিক নয়।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর। উদ্বোধনী পর্বের পর অনুষ্ঠিত সেমিনারে ‘জাতীয় উন্নয়নে আঞ্চলিক সাংবাদিকতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার পাল। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন পিআইবির সাবেক মহাপরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, স্থানীয় দৈনিক সোনালি সংবাদের সম্পাদক লিয়াকত আলী, স্থানীয় দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। সেমিনারে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রায় আড়াই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ নেন।