জঙ্গি মদদদাতাদের সৌদি আরবে চলে যেতে বলেছেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর ভাষায় ‘জঙ্গিদের জন্য যারা মায়াকান্না করে’ বা ‘জঙ্গিদের মদদ দেয়’, তাদের উদ্দেশে বলেছেন, ‘হয় বাংলাদেশের নাগরিক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আর পছন্দ না হলে চলে যান সন্ত্রাসীদের দেশ সৌদি আরবে, ইরাকে। চলে যান সিরিয়াতে, সেখানে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে।’ তিনি বলেন, যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘গুলশানের ঘটনাকে তিলকে তাল বানিয়ে সব জায়গায় প্রচার করা হয়েছে। যারা হত্যাকারী, টেররিস্ট, তাদের জন্য মায়াকান্না! কেন হামলা হলো? কেন জিম্মিদের রক্ষা করতে পারল না? যারা চিহ্নিত জঙ্গি, তারা বন্দুকযুদ্ধে মারা গেল। তাদের জন্য মায়াকান্না।’ তিনি বলেন, ‘যারা আত্মঘাতী বোমাবাজ, যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের আবার মানবাধিকার কী? পত্রপত্রিকায় দেখি, যারা মানুষকে হত্যা করেছে, তাদের প্রতি মহব্বত বেশি। যারা হত্যার শিকার হয়েছে, তাদের প্রতি বিন্দুমাত্র সম্মান নাই।’