জঙ্গি মোকাবিলায় ভারসাম্যমূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে ভারসাম্যমূলক পদক্ষেপ নিতে হবে। কোনোরকম বাড়াবাড়ি করা ঠিক হবে না। জঙ্গিবাদ দমনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বাংলাদেশকে সমাধানের পথ খুঁজতে হবে। গতকাল শনিবার রাজধানীর বিস মিলনায়তনে মানবাধিকার ও নিরাপত্তাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত দেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ ‘এশিয়ার মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
টিভি উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সাহাব এনাম খান। তিনি উল্লেখ করেন, সমন্বিত উপায়ে দমনের পদক্ষেপ না নিলে বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদ মাথাচাড়া দেবে। বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলা আইনশৃঙ্খলার দুর্বলতাকে প্রকাশ্যে এনেছে, যার মূলে আছে পুলিশের রাজনীতিকরণ, সুশাসনের ঘাটতি এবং রাজনৈতিক অন্তঃকোন্দল।
আলোচনায় অংশ নিয়ে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের যাঁরা নিরাপত্তা দেন, তাঁরা যদি বলেন আমাদের নিরাপত্তা আমাদের দেখতে হবে। তখন মার্কিন দূতাবাস যদি বলে, তারা বেসরকারি কিংবা ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী আনতে চায়, ভুল কিংবা ঠিক হোক আমরা কি তখন তাদের মানা করতে পারব?’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘আমাদের সমস্যা কীভাবে মোকাবিলা করতে হবে, সেটা আমরা ভালোভাবেই জানি। কোনো দেশকেই হস্তক্ষেপ করতে দেব না।’
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, ‘পরিস্থিতি উত্তরণের কাজটা দুরূহ। তবে এতে ভারসাম্য করতেই হবে।’
বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক এম আতাউর রহমান জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের সামর্থ্য বাড়ানোর তাগিদ দেন।
গোলটেবিল বৈঠকে আরও বক্তৃতা করেন সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, বিএনপির সাবেক নেতা সরদার সাখাওয়াত হোসেন, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল লতিফ, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা প্রমুখ।