জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে আ.লীগ: ফখরুল
আওয়ামী লীগ বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো একটি ব্যর্থ, জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।
আওয়ামী লীগ জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে—এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সন্দেহভাজন হিসেবে যেসব জঙ্গি ধরা হচ্ছে, তাদের কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না। ‘বন্দুকযুদ্ধের’ নামে তাদের হত্যা করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। তারা এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এ দেশকে জঙ্গি রাষ্ট্র করতে চায়। তারা এ দেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো করতে চায়। কিন্তু আমরা তা হতে দিতে পারি না।’