চট্টগ্রামে জাতীয় পার্টির ইফতার মাহফিল
জঙ্গি হামলার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির নেতারা। একই সঙ্গে জঙ্গি হামলা ও গুপ্তহত্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় দলের নেতারা এই আহ্বান জানান।
সভায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গুলশানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দুর্বৃত্তরা দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা থামিয়ে দিতে চাইছে।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর জাতীয় পার্টির নগর কমিটির সভাপতি ও সাংসদ মাহজাবীন মোরশেদ। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রমুখ।
সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, কিছু বিপথগামী তরুণ গত শুক্রবার রাতে পবিত্র ইসলামের নামে নৃশংসভাবে মানুষ খুন করেছে। পাড়ায় পাড়ায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘পবিত্র ইসলামের নাম ভাঙিয়ে গুলশানের রেস্তোরাঁয় মানুষ খুন করা হয়েছে। এরা মনে করেছে মানুষ খুন করে দেশকে অকার্যকর করবে। আমরাও অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এদেরও রুখে দেব আমরা।’
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে কিছু বিপথগামী তরুণ ভুলপথে পা বাড়িয়েছে। জঙ্গিদের নির্মূল করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।’