জঙ্গিদের অস্তিত্ব ধ্বংসের চেয়ে পুষ্টি লাভ করছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিরা দেশের মধ্যেই একের পর এক খুনের অভয়ারণ্য তৈরি করে যাচ্ছে। তাদের অস্তিত্ব ধ্বংস না হয়ে বরং আরও বেশি পুষ্টি লাভ করছে। তিনি বলেন, সরকারের নিষ্ক্রিয়তায় জঙ্গিবাদী উগ্রপন্থী ব্যক্তিরা মনে হয় দেশের কর্তৃত্ব গ্রহণ করেছে।
গতকাল মঙ্গলবার ভোরে দুর্বৃত্তদের হামলায় ঝিনাইদহের করাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলা কেটে হত্যার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, হত্যার ঘটনার পর সরকার-দলীয় নেতা, মন্ত্রী ও সাংসদদের পরস্পরবিরোধী বক্তব্য-বিবৃতি এবং বিরোধী দলের ওপর দায় চাপানোতে জঙ্গিরা আরও বেশি উৎসাহিত হচ্ছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশব্যাপী চলছে বেছে বেছে হত্যাকাণ্ড। আর এসব হত্যার শিকার হচ্ছেন ভিন্নমতাবলম্বী ব্লগার, ধর্মগুরু, পুরোহিত, যাজক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদেশি নাগরিক, মসজিদের ইমাম-মোয়াজ্জিন, পীর ও পীরের শিষ্য, প্রকাশক, পুলিশ সদস্য ও পুলিশের পরিবার। তিনি বলেন, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যা ঘৃণ্য ও কাপুরুষোচিত অমানবিক কাজ। নাটোরের খ্রিষ্টান মুদি দোকানি দানিয়েল গোমেজকে হত্যা নজিরবিহীন নৃশংসতা। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের করাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলা কেটে পৈশাচিকভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।