জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ হত্যাকারী, সম্পদ বিনষ্টকারী জঙ্গিদের বিরুদ্ধে সারা দেশের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাবে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে জাতির ভবিষ্যৎ ধ্বংসের ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রী রংপুরের মিঠাপুকুরে গতকাল মঙ্গলবার একটি বাসে পেট্রলবোমা হামলা চালিয়ে শিশুসহ চারজনের হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, বিএনপি ও জামায়াত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করছে এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকও তাদের হামলার শিকার হচ্ছে। তাদের কর্মকাণ্ড কোনো রাজনীতির পর্যায়ে পড়ে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘এভাবে সাধারণ মানুষকে হত্যা করার নিন্দা জানানোর ভাষা আমার নেই।’ তিনি এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত থাকতে বিএনপির প্রতি আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যথায় সরকার জনগণের জানমালের নিরাপত্তায় আরও কঠোর ব্যবস্থা নেবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষা বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছি। আর বিএনপি-জামায়াত বছরের শুরুতেই লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। বিএনপি-জামায়াত পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনেও হরতাল ডেকেছে। বিশ্ব ইজতেমার সময়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।’
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহম্মদ আলমগীর বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্রীড়া, সাংস্কৃতিক ও অন্যান্য বিষয়ে আন্তস্কুল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া তিনি ২০১৪ সালে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় সেরা বিদ্যালয়, সরকারি কর্মকর্তা, নির্বাচিত প্রতিনিধি, ইনস্ট্রাকটর, শিক্ষক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাসস