জঙ্গিদের সঙ্গী খালেদা জিয়ার বিচার করতে হবে: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছেন। তিনি জঙ্গিদের সঙ্গী। বাংলাদেশকে উন্নত করতে হলে এই জঙ্গির সঙ্গী খালেদা জিয়াকে বিচারের আওতায় আনতে হবে।
আজ শনিবার ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
গণমাধ্যম ও গণতন্ত্র একই হাতের এপিঠ-ওপিঠ দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও পবিত্র থাকতে হবে। মিথ্যাচার ও গুজব থেকে দূরে থেকে জঙ্গিবাদের উৎপাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। গণমাধ্যম ও শেখ হাসিনার সরকার একসঙ্গে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আমরা জয়ী হয়েছি। তারা (জঙ্গি) কোণঠাসা হয়ে পড়েছে। এ লড়াই এখনো চলছে। জঙ্গিরা এখনো হাল ছেড়ে দেয়নি। তারা ঘাপটি মেরে আছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশকে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে বলেন, দেশকে ধ্বংস করার জন্য খালেদা জিয়া আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। এই হত্যাকারীদের সঙ্গে কোনো আপস নয়। তাদের বিচার করতে হবে।
সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মনজিল মোরসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার প্রমুখ।
ঝালকাঠি প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে জাতীয় পতাকা, প্রেসক্লাবের পতাকা ও সুবর্ণজয়ন্তীর পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।