জঙ্গিদের সঙ্গে বিএনপির নিবিড় সম্পর্ক রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, সম্প্রতি আশকোনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে আশপাশের কিছু মানুষ আহত ও ক্ষয়ক্ষতি হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যেভাবে মায়াকান্না করলেন, তাতেই বোঝা যায়, এই জঙ্গিদের সঙ্গে বিএনপির নিবিড় সম্পর্ক রয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘মুক্তিযুদ্ধের মুখ’ শিরোনামে ‘জীবন থেকে নেয়া’ সংবাদপত্রের প্রচারণামূলক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এ দাবি করেন।

হানিফ বলেন, ‘তারা (বিএনপি) যখন পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে ও জীবিত মানুষকে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে, তখন এই মায়াকান্না আর বিবেক কোথায় ছিল! আর আজ যখন আমরা জঙ্গি নিধনে কাজ করছি, তাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এর জন্য এত মায়াকান্না ও দুঃখই প্রমাণ করে তারা জঙ্গিবাদকে সমর্থন করে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকার যখন জঙ্গি দমনে কাজ করছে, দেশের উন্নয়ন করছে, তখন বিএনপি একের পর এক বাধা সৃষ্টি করছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, সব কটি ইতিবাচক বিশেষণ দিয়েই নাসিক নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সবাই এই নির্বাচনে খুব আন্তরিক ছিল। নাসিক নির্বাচন নিয়ে খালেদা জিয়ার বক্তব্যে হতাশ হয়েছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কামাল লোহানী, সারওয়ার আলী, মোহাম্মদ আবদুল হাই, ফেরদৌসী প্রিয়ভাষিণী, জহির উদ্দিন জালালকে উত্তরীয় পরিয়ে দেন মাহবুব উল আলম হানিফ। পরে মুক্তিযুদ্ধের মুখ ২০১৬-এর নির্বাচিত ১২ জনকে বিশেষ ক্রেস্ট দেওয়া হয়।

বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত।