জঙ্গিদের হত্যা করে তথ্যের উৎস নষ্টের উদ্দেশ্য কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জঙ্গিদের হত্যা করে তথ্যের উৎস নষ্ট করার উদ্দেশ্যটা কী?’ সরকারের উদ্দেশে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেছেন, জঙ্গিদের শিকড় সন্ধানকে দুরূহ করে তোলা কোনো বুদ্ধিমানের পরিচয় নয়। কিন্তু সরকার জঙ্গিদের হত্যা করে সেই নির্বুদ্ধিতার কাজটিই করছে।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের স্থায়ী কমিটির এই সদস্য।
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের হত্যা করায় বিএনপি মায়াকান্না করছে’—সরকারের মন্ত্রী-সাংসদদের এমন বক্তব্য উদ্ধৃত করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। যারা সত্যিকারের জঙ্গি, তারা নিহত হবে, আহত হবে, এতে কষ্ট পাওয়ার কিছু নেই আমাদের। আমরা শুধু বলছি, তাদের হত্যা করে তথ্যের উৎস নষ্ট করার উদ্দেশ্যটা কী? বরং তাদের কাছ থেকে তথ্য নিয়ে জঙ্গিদের মূল উৎস নির্মূল করা দরকার।’
নজরুল ইসলাম বলেন, ‘দেশবাসী এখন বিশ্বাস করে জঙ্গি নির্মূলে সরকারের কোনো আন্তরিকতা নেই। যদি থাকত, জঙ্গিদের হত্যা না করে উগ্রবাদের নাটের গুরুদের হদিস বের করতে সচেষ্ট হতো।’
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি নেওয়ার পক্ষে। এটা একা কারও পক্ষে করা সম্ভব না, এমনকি সরকারের একার পক্ষেও না। সে জন্য আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি।’ তিনি বলেন, সেই ঐক্যে আওয়ামী লীগ না এলে বিএনপি একাই চলবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বানভাসী মানুষের দুর্দশা লাঘবে সরকারের পক্ষে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।