
জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং লুটপাটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের জেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম জেলা সিপিবির ১১তম সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান।
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাজ্জাদ জহির। বক্তৃতা করেন সিপিবির কেন্দ্রীয় সদস্য লুৎফর রহমান, প্রবীণ শ্রমিকনেতা আহসান উল্লাহ, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
সম্মেলনে সাজ্জাদ জহির বলেন, দেশে জঙ্গিবাদ এক দিনে সৃষ্টি হয়নি। যাঁরা ক্ষমতায় থাকেন, তাঁরা মসনদ টিকিয়ে রাখতে জঙ্গিদের লালন করেন। যাঁরা ক্ষমতার বাইরে থাকেন, তাঁরা ক্ষমতায় যেতে জঙ্গিদের লালন করেন। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তথা স্বাধীনতাবিরোধী শক্তির গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল। তিনি বলেন, এই মুহূর্তে দেশের মূল সমস্যা হলো লুটপাটতন্ত্র, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদ এবং গণতন্ত্রহীনতা। এই সমস্যাগুলো পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। একটা সমস্যাকে আরেকটা থেকে পৃথক করা যাচ্ছে না। এ কারণেই স্বাধীনতার সুফল জাতি পাচ্ছে না।
সম্মেলনে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান বলেন, জঙ্গিবাদ, লুটপাট, লুণ্ঠন ও সাম্প্রদায়িকতা নির্মূল না হলে শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হবে না। কৃষক ফসল ফলিয়ে ন্যায্য দাম পাচ্ছেন না। নারীসমাজ নিগৃহীত হচ্ছে।
প্রবীণ শ্রমিকনেতা আহসান উল্লাহ বলেন, সমাজ, প্রশাসন, রাজনীতি ও সুশীল সমাজের একটি অংশ বাংলাদেশের স্বাধীনতা, সংস্কৃতি-ঐতিহ্যের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনছে। এর বিপরীতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীদের নিয়ে আরেকটি শক্তিশালী নাগরিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।