মুক্তিযুদ্ধের ভিত্তির ওপর দাঁড়ানো এই বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা নানাভাবে দেশের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে। জঙ্গিবাদ তাদেরই সৃষ্টি। এই অপশক্তিকে রুখতে হবে। চট্টগ্রামে জাতীয় শোক দিবসের বিভিন্ন আয়োজনে এই শপথ নিয়েছেন রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ।
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন ও নগর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফফর আহমদ।
সভায় চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শুরু হওয়ার আগে নগরের সার্কিট হাউস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন বিদ্যালয় এবং সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত। বঙ্গবন্ধুকে তারা সঠিক মূল্যায়ন করেনি। তাই নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। শপথ নিতে হবে জঙ্গি নির্মূলের।
শংকর রঞ্জন সাহা বলেন, মুক্তিযুদ্ধের ভিত্তির ওপর দাঁড়ানো বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তাঁর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটতে হবে।
শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর খুনিদের ক্ষমতায় বসানো হলো। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি শুরু হলো। যারা বাংলাদেশ মেনে নিতে চায়নি, তারাই জঙ্গিবাদ সৃষ্টি করছে।
ইকবাল বাহার বলেন, পঁচাত্তর-পরবর্তী প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারেনি। কিন্তু ইতিহাস আড়াল করা যায় না। দেশ সঠিক পথে এগোচ্ছে। ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।
মেজবাহ উদ্দিন বলেন, বাঙালি জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন। দেশের মানুষের জন্য কারাগারকে ভয় করেননি তিনি। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধীরা জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়। এ অবস্থা মোকাবিলা করতে হবে।
সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
মহানগর আওয়ামী লীগ: চট্টগ্রাম দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নগর কমিটির সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ নেতা-কর্মীরা। পরে বিকেলে লাভ লেনের স্মরণিকা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আ জ ম নাছির উদ্দীন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, যুগ্ম সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীদের একটি অংশ জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করে। সেখানে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম ওয়াসা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শ্রমিক কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদ। সকাল সাড়ে ১০টায় নগরের আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন পিডিবি দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। সভা পরিচালনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার সেন।
চট্টগ্রাম ওয়াসায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। সভায় ওয়াসার বোর্ড সদস্যরা ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল বাদ আসর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে দুপুরে সিজেকেএস কনভেনশন হলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদার সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ মো. শাহেনূর, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান, মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবিরসহ বিচারক, সরকারি কৌঁসুলি ও আইনজীবীরা।