জঙ্গিবাদ, গুম ও হত্যার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী জঙ্গিবাদ, গুম ও হত্যার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করেছে ১৪ দল। গতকাল রোববার এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই বলে দাবি করেন। স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তিই বাংলাদেশে এসব গুম ও জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তাঁরা এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রাজশাহী: নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ‘খালেদার অভ্যাস উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। তিনি বরাবরই কাজটি করে আওয়ামী লীগকে দায়ী করে থাকেন। জনগণ তাঁকে চিনে গেছে।’ তিনি আরও বলেন, যখন যে নাম প্রয়োজন, সেই নাম ধরে গুম, হত্যার মতো কাজগুলো করছে স্বাধীনতাবিরোধী চক্র।
সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, বাংলাদেশে বিদেশি অর্থের জোগান দিয়ে আজকে এই গুপ্তহত্যা চালাচ্ছে জামায়াত-বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। এর পরিণতি খালেদা জিয়াকেই ভোগ করতে হবে। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। জামায়াতকে নিষিদ্ধ করা হবে। এই গুপ্তহত্যার দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে। সে কারণেই আজ রাজপথে দাঁড়িয়েছি।’ এ সময় মানববন্ধনে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা চোখ খোলা রাখবেন। যেখানেই আক্রমণ দেখবেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবেন। গুপ্তহত্যাকারীদের ধরে ব্যবস্থা নেওয়ার জন্য যা করণীয় তাই করবেন। প্রতিটি পাড়া-মহল্লায় পাহারা বাহিনী গড়ে তোলা হবে। আমরা পাহারা দেব জনগণকে। পুলিশ আমাদের সহায়তা করবে, আমরা পুলিশকে সহায়তা করব।’
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের কানিজ ফাতেমা, যুবলীগের রমজান আলী, মোশারফ হোসেন, আওয়ামী লীগের শাহীন আক্তার, ওয়ার্কার্স পার্টির লিয়াকত আলী, দেবাশীষ প্রামাণিক, যুব মৈত্রীর মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, জাসদ নেতা শফিকুজ্জামান, ন্যাপের মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।
নাটোর: বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায় গুপ্তহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জয় বাংলা সামাজিক আন্দোলন ও বনপাড়া মাদকবিরোধী জোট। বনপাড়ার খ্রিষ্টান ধর্মপল্লির সুনীল গোমেজ হত্যা, ঝিনাইদহের হিন্দু পুরোহিত আনন্দ গোপাল, পাবনার অনুকূলচন্দ্র আশ্রমের চিত্তরঞ্জন পান্ডেসহ সব খুন-গুম ও গুপ্তহত্যার প্রতিবাদে এবং প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌরসভার সামনে প্রধান সড়কে মানববন্ধন করেন এই সংগঠন দুটির সদস্যরা।
আওয়ামী লীগের নেতা আবদুস সোবাহান প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জয় বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় আরও বক্তব্য দেন জাকির হোসেন সরকার, আবুল কালাম আজাদ।
নওগাঁ: বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের আয়োজনে শহরের ব্রিজের মোড় স্বাধীনতা ভাস্কর্যের সামনে মানববন্ধন হয়। ইউনিটের কমান্ডার হারুন অল রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আফজাল হোসেন, আবুল কালাম আজাদ, গোলাম সামদানী, এ বি এম রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা গুপ্তহত্যা ও জঙ্গিবাদ নিরসনে দেশবাসীকে একসঙ্গে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত এবং বাংলাদেশে জামায়ত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।
জয়পুরহাট: বেলা তিনটায় জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান রাস্তার পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের এস এম সোলায়মান আলী, মোমিন আহম্মেদ চৌধুরী, রাজা চৌধুরী, গোলাম মোস্তফা, আযম আলী, জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আমজাদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আমেজ উদদীন।
এ ছাড়া জেলার পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।