জঙ্গিবাদ ঠেকাতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নানাভাবে জঙ্গিবাদের বিকাশ ঘটছে। সন্ত্রাসের বিভিন্ন রূপের বিরুদ্ধে এই লড়াই আদর্শিক লড়াই। এই লড়াইয়ে জিততে হলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশে সন্ত্রাসের বহুমুখীনতা: গণতন্ত্র-মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের চ্যালেঞ্জ’ শীর্ষক সভার আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বৃহস্পতিবার ছিল রাশেদ খান মেননকে হত্যাচেষ্টার ২৫তম বার্ষিকী। ১৯৯২ সালের এই দিনে তোপখানা কার্যালয়ের সামনে তাঁকে গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। ওয়ার্কার্স পার্টি দিনটিকে সন্ত্রাসবিরোধী দিবস হিসেবে পালন করে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে জিততে হলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতাকে সামনে নিয়ে আসতে হবে। আদর্শিকভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে না পারলে সন্ত্রাস নির্মূল করা যাবে না। সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, হেফাজতে ইসলাম বা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপসের ধারায় কোনো লাভ হবে না। রাষ্ট্রধর্ম করেও কোনো লাভ হয়নি। ওরা (সাম্প্রদায়িক শক্তি) এখন পুরো রাষ্ট্রই চাচ্ছে। ২৫ বছরেও মেনন হত্যাচেষ্টার তদন্ত ও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘ধর্মনিরপেক্ষতা না থাকলে একটি দেশ আধুনিক হতে পারে না। ধর্মনিরপেক্ষতাকে সবাই চ্যালেঞ্জ করছে, সেটিকেও সন্ত্রাসের মধ্যে ধরতে হবে। আওয়ামী লীগের ভেতর থেকেও চ্যালেঞ্জ আসছে, তাদের হেফাজতপ্রীতি দেখেছি। বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল, সেটা আগেই প্রমাণ হয়েছে। যার যার অবস্থান থেকে লড়াই চালাতে পারলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব হবে।’
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘ধর্মের নামে যেকোনো হত্যা ও সন্ত্রাসকে বৈধতা দেয় মওদুদিবাদ। মাদ্রাসার বইয়ে এগুলো এখনো পড়ানো হচ্ছে। জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা—এগুলোকে কুফরি মতবাদ বলা হচ্ছে। এই রাজনীতি করা হচ্ছে সরাসরি বাংলাদেশকে ধ্বংস করার জন্য।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘৪৫ বছর ধরে দেশে ত্রিমুখী শিক্ষাব্যবস্থা চলছে। দেশের ৭০ হাজার মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হচ্ছে কিংবা ইংরেজি মাধ্যমে আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতির কতটা পড়ানো হচ্ছে? শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণে না থাকলে সন্তানেরা বিপথগামী হবে না কেন?’
সভায় সন্ত্রাসবাদের বিকাশ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ। সভা সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল হাসান।