জঙ্গিবাদ নিয়ে অপরাজনীতি হচ্ছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে ‘অপরাজনীতি’ হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জঙ্গি ও উগ্রবাদ রুখতে সব পক্ষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ নিয়ে সারা দেশে কথা হচ্ছে। সারা বিশ্ব জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের, এ নিয়ে অপরাজনীতি হচ্ছে। এ কারণে দেশে জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হচ্ছে না। এ ব্যাপারে কোনো প্রচেষ্টাও নেওয়া হচ্ছে না।
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা মনে করি, আজকে বড় প্রয়োজন হচ্ছে সব পক্ষকে নিয়ে, সব রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের নিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। এই উদ্যোগ সরকারকেই নিতে হবে।’
বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সরকারের বিভিন্ন অংশের বক্তব্যে ‘অসামঞ্জস্য’ রয়েছে বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘কেউ ঘটনার জন্য আইএসকে দায়ী করছেন। কেউ দায়ী করছেন অভ্যন্তরীণ সন্ত্রাসকে। আমরা আশঙ্কা করছি, এ ধরনের অবস্থা চলতে থাকলে দেশে গণতন্ত্রহীনতার সুযোগ উগ্রপন্থীরা গ্রহণ করবে, যেটা আমরা কেউই চাই না। এতে আমরা আতঙ্কিত বোধ করি।’
জঙ্গিবাদ ও উগ্রবাদ রুখতে সব রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, আলেম ওলামাদের নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম। এ প্রসঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সময়েও এ রকম একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। তখন দেশের আলেম-উলামারা তাঁদের দায়িত্ব পালন করেছিলেন। সন্ত্রাস যে ইসলামের অংশ নয়, এই কথাটা তাঁরা পরিষ্কার করে বলেছিলেন; এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।’
দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা তদন্তে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, এটাকে কেন্দ্র করে বিরোধী দলকে দমন করার জন্য গ্রেপ্তার ও মিথ্যা মামলা দায়ের বন্ধ করতে হবে।
গতকাল সকালে মির্জা ফখরুল নয়াপল্টনের কার্যালয়ে এলে দলের নেতা-কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।