জঙ্গিবাদ প্রতিরোধে রাজনীতিসহ সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন একটি গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া বক্তারা।
গতকাল সোমবার নাগরিক ঐক্যের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জননেতা মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়।
একই সঙ্গে বক্তারা অবিলম্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান। তাঁরা বলেন, মান্নার প্রতি সরকার অত্যন্ত নিষ্ঠুর আচরণ করছে। প্রত্যেক মানুষেরই ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। আটকের পর দেড় বছর হতে চললেও তাঁর বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত নয়। তাঁকে জামিনে মুক্তি দিয়ে আইনি লড়াই করার সুযোগ করে দেওয়া হোক।
বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের জায়গা ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। বাধাগ্রস্ত করা হচ্ছে মুক্তবুদ্ধি
ও সুষ্ঠু রাজনীতির চর্চা। যে কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। এ অবস্থায় জঙ্গিবাদ নিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবেই এটিকে মোকাবিলা করতে হবে।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব অভিযোগ করে বলেন, জঙ্গিবাদকে সরকার ক্ষমতায় থাকার স্বার্থেই ব্যবহার করতে চায়। আসলে জঙ্গি দমনের নামে তারা বিরোধী দলকে দমন করছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের মতে, সরকার সমস্যার মূলে ঢুকতে চাচ্ছে না। জঙ্গিবাদের উৎস না খুঁজে মুক্তবুদ্ধি চর্চা ও বাক্স্বাধীনতার পথকে অবরুদ্ধ রাখলে জঙ্গিবাদ বহুগুণ বৃদ্ধি পেয়ে চারদিকে ছড়িয়ে পড়বে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জঙ্গি দমনের নামে রাষ্ট্র আজ নিজেই চরমপন্থী ভূমিকায় আবির্ভূত হয়েছে। এর মৌলিক কারণ উপেক্ষা করে কেবল প্রশাসনিকভাবে দমন-পীড়নের মাধ্যমে জঙ্গিবাদ দমন করা যাবে না।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন বলেন, জঙ্গিবাদ দমনের সঙ্গে দেশের রাজনীতিতে অর্থবহ পরিবর্তনের জন্যই জাতীয় ঐক্য প্রয়োজন।
নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী, সাবেক সাংসদ গোলাম মওলা, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।