জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় কনভেনশন ডাকুন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ প্রতিরোধে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় কনভেনশন ডাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত হওয়ার উপায় নেই।
গতকাল মঙ্গলবার রাজধানীতে ছাত্রদলের আলোচনা সভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় নেতৃত্ব বিকাশে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদের কথা বলে সরকার বিরোধী দল দমনের চেষ্টা করছে। মিথ্যা কথা বলে, জনগণকে বিভ্রান্ত করে, বিরোধী দলকে বাইরে রেখে এই ভয়াবহ সমস্যার সমাধান করা যাবে না। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘অনেক হয়েছে। দেশ ধ্বংস করে দিয়েছেন। এখন উগ্রবাদ আর জঙ্গিবাদের নাম করে দেশ যে আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে দেশ যাচ্ছে, তা বন্ধ করার চেষ্টা করুন। সব রাজনৈতিক দলকে ডেকে কনভেনশনের মাধ্যমে একটি জাতীয় প্রতিরোধ গড়ে তুলুন।’
বিএনপির মহাসচিব বলেন, জঙ্গিবাদ দমন নয়, জঙ্গিবাদের কথা বলে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়াই সরকারের উদ্দেশ্য।
মির্জা ফখরুল বলেন, ‘শরীফকে অভিজিৎ হত্যার আসামি বলে ধরা হয়েছিল। পত্রিকায় এসেছে, সে শরীফ নয়, মুকুল রানা। তাকে চার মাস আগে গ্রেপ্তার করা হয়েছে। এত দিন আটকে রাখা হয়েছিল। তারপর তাকে হত্যা করা হয়েছে। এর আগে ফাহিমকে হত্যা করা হলো। কেন তাকে রিমান্ডে নিয়ে গুলি করে মারলেন?’
সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক সিরাজুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী প্রমুখ।