জঙ্গিবাদ প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঘোরতর বিরোধী। জঙ্গিবাদকে প্রতিহত করতে হলে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। দলমত-নির্বিশেষে এক হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

গাইবান্ধা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে গতকাল শনিবার জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রতিদিন বিনা অপরাধে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। যদি কেউ অপরাধ করে থাকে, আইনের আওতায় এনে তার বিচার করতে হবে।

বিএনপি জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গির বিরুদ্ধে কথা বললে নাকি বিএনপির গায়ে লাগে। এ বিষয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঘোরতর বিরোধী।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাই। আমাদের অভিজ্ঞতা আছে, আওয়ামী লীগ সরকারের আমলে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন দিতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।’