জঙ্গিবাদ মোকাবিলায় জনতার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। তিনি বলেন, জঙ্গি মোকাবিলায় ১৪ দল এবং বাইরের অন্যান্য গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্যের মাধ্যমে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার জাসদের এই অংশের কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রথম সভায় শরীফ নুরুল আম্বিয়া এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদবিরোধী ঐক্য নিয়ে বিএনপি স্ববিরোধী আচরণ করছে। জঙ্গিবাদবিরোধী প্রতিরোধ আন্দোলনে তাদের বিশ্বাস করা যায় না।
দলের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল বলেন, দেশে সুশাসনের প্রধান প্রতিবন্ধক হচ্ছে দুর্নীতি ও অনিয়ম। গণতন্ত্র অব্যাহত রাখার স্বার্থে সুশাসন নিশ্চিত করতে হবে।
রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা এবং দেশি-বিদেশি মানুষকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করা হয়। ওই জঙ্গি হামলায় নিহত বাঙালি তরুণ ফারাজ আইয়াজ হোসেনকে নতুন প্রজন্মের অহংকার আখ্যায়িত করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় বলা হয়, ‘এই সভা বাঙালি তরুণ আইয়াজের আত্মদানকে মানবতার অতুলনীয় নজির হিসেবে স্মরণ করছে।’
সভায় এর আগে জঙ্গি হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম, নাটোরের বড়াইগ্রামের খ্রিষ্টান দোকানি, ঝিনাইদহের পুরোহিতসহ বেছে বেছে মানুষ হত্যার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্রে নিরীহ মানুষ হত্যার ঘটনায় শোক প্রকাশ করা হয়। বিগত জাতীয় সম্মেলনের পর জাসদের নিহত নেতাদের প্রতি শোক প্রকাশ করা হয়।
শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, মুশতাক হোসেন, মো. খালেদসহ কেন্দ্রীয় কমিটির ৯১ জন সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।