জঙ্গিবাদ রুখতে জাতীয় ঐক্য চান ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ও উগ্রবাদ রুখতে জাতীয় ঐক্য চান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ নিয়ে সারা দেশে কথা হচ্ছে। সারা বিশ্ব জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের এ নিয়ে অপরাজনীতি হচ্ছে। এ কারণে দেশে জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হচ্ছে না। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রহীন অবস্থা চলতে থাকলে উগ্র ও জঙ্গিবাদীরা সুযোগ নেবে। জঙ্গিবাদ ও উগ্রবাদীরা যেন মাথাচাড়া নিয়ে উঠতে না পারে সে জন্য গণতন্ত্র থাকতে হবে। জঙ্গিবাদ ও উগ্রবাদ রুখতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সবার অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা তদন্তে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি এই ঘটনায় বিএনপি নেতাদের হয়রানি না করারও আহ্বান জানান।