জঙ্গিবাদ রুখতে না পারার দায় রাজনীতিবিদদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে খুদে শিক্ষার্থীরা। ছবিটি নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রামে গতকাল ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে খুদে শিক্ষার্থীরা। ছবিটি নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে থেকে তোলা l প্রথম আলো

জঙ্গিবাদ যে অবস্থায় এসে পৌঁছেছে, তার জন্য বর্তমান রাজনীতির চরম ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার পেছনে সমাজ পরিচালনাকারী ব্যক্তি, রাজনীতিবিদদেরও দায় রয়েছে। গতকাল শনিবার সকালে ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই মন্তব্য করেন।
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে নগরের ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী ও ১০০ শিক্ষক অংশ নেন।
মেয়র আ জ ম নাছির বলেন, একসময় ছাত্রসংগঠনগুলোতে নিয়মিত রাজনৈতিক ক্লাস হতো। কর্মিসভা হতো। কিন্তু ১৫-২০ বছর ধরে ছাত্রসংগঠনগুলোতে নিয়মিত কর্মিসভা হচ্ছে না। এখানেই মূল সমস্যা। তিনি বলেন, ‘যার কারণে আমাদের কাছ থেকে মূল্যবোধ উধাও হয়ে গেছে। আমরা যন্ত্রে পরিণত হয়েছি। কিছুই শিখছি না, জানতে পারছি না। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি।’
মেয়র বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে। এসব জানলে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, জঙ্গিদের মরদেহ মর্গে পড়ে আছে। মানুষ তাদের জানাজায় অংশ নিচ্ছে না। পরিবারও তাদের লাশ নিচ্ছে না। আশপাশের কারও মধ্যে হঠাৎ করে আচরণের পরিবর্তন দেখলে তা প্রশাসনকে জানাতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, তারুণ্যের জোয়ারে দেশ স্বাধীন হয়েছিল। এখন তারাই জঙ্গিবাদ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেবে। বাংলাদেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করে তুলে ধরবে।
মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেন, জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের কেউ মনে রাখবে না। তারা পৃথিবীর ক্ষতি করছে। ইসলামের ক্ষতি করছে। পৃথিবী তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রামের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম। গতকালের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।