জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে পরাজিত করবে জাসদ
জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে পরাজিত করার যুদ্ধের পাশাপাশি দুর্নীতি-বৈষম্যের অবসান করে সুশাসন, গণতন্ত্র ও সমাজতন্ত্রের পথে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল শুক্রবার জাসদের জাতীয় সম্মেলন ও কাউন্সিল ২০১৬-পরবর্তী জাতীয় কমিটির প্রথম সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। গতকাল সকালে ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই সভা শুরু হয়। দিনব্যাপী এই সভা চলে। এতে সভাপতিত্ব করেন জাসদের সভাপতি হাসানুল হক। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া-বিএনপি-জামায়াত অন্তর্ঘাত-নাশকতা-আগুন-সন্ত্রাসে পরাজিত হলেও রাষ্ট্র-সংবিধানের বিরুদ্ধে এখনো যুদ্ধ বন্ধ করেনি। এখন গুপ্ত হত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তবে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে পরাজিত করে সুশাসন, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামে এগিয়ে যাবে জাসদ।’
সভার শুরুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কাউন্সিলে গৃহীত রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে খসড়া রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার। এরপর সারা দেশ থেকে আগত প্রতিনিধিরা রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনা করেন। ।