
রাজনীতিতে ধর্মের ব্যবহারের মধ্য দিয়ে দেশে জঙ্গিবাদের শুরু হয়েছে। সম্প্রতি গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের বর্বর হামলা সারা দেশের মানুষকে বিস্মিত করেছে। এ ঘটনা মানুষের চেতনার মধ্যে নাড়া দিয়েছে। সবাই বিশ্বাস করা শুরু করেছে জঙ্গিবাদকে মোকাবিলা করার, জঙ্গিবাদকে ধ্বংস করার এখনই উপযুক্ত সময়। চট্টগ্রাম নগরের ডিসি হিলের নজরুল মঞ্চে ‘ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চাই গণজাগরণ’ শীর্ষক ছাত্র গণজমায়েতে বক্তারা এসব কথা বলেন।
গতকাল সোমবার বিকেলে নাগরিক সংগঠন ‘জেগে ওঠো বাংলাদেশ’-এর উদ্যোগে এ গণজমায়েতের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক সরওয়ার আলী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রণজিৎ দে ও কবি আবুল মোমেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউজিসির অধ্যাপক মইনুল ইসলাম।
গণজমায়েতে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘আজকে যেভাবে জঙ্গিগোষ্ঠীকে আক্রমণ ও প্রতিহত করা হচ্ছে, লেখক, ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ডের সময় সরকার কিন্তু সে রকম কঠোরতা অবলম্বন করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দাঁড়ায়নি।’ তিনি বলেন, গুলশান হামলার পর সরকার বিভিন্ন দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং জঙ্গিদের অনেক স্থাপনা ধ্বংস করেছে।

রামেন্দু মজুমদার বলেন, বাঙালি ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও ১৯৯০-এর গণ-অভ্যুত্থানের সময় বিজয়ী হয়েছে। কিন্তু সে বিজয় ধরে রাখতে পারেনি। অর্জনগুলো আস্তে আস্তে বিসর্জন দেওয়া হয়েছে। বিসর্জনের সবচেয়ে বড় জায়গা হচ্ছে গণজাগরণ মঞ্চ।
অনুষ্ঠানে সাম্প্রদায়িকতাকে সমাজের গভীর ক্ষত উল্লেখ করে সাংস্কৃতিক সংগঠক সরওয়ার আলী বলেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, তখন অমুসলিম জনগণের সংখ্যা ছিল ২৩ শতাংশ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী অমুসলিম জনগণের সংখ্যা ৯ শতাংশ। যারা অমুসলিম, তারা বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র মনে করছে না। এ অবস্থা কারও কাম্য হতে পারে না। ধর্ম মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে চায়।
তরুণদের ইতিহাস সচেতন ও লক্ষ্য ঠিক করার পরামর্শ দেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু অনবরত সাম্প্রদায়িকতার কাছে আপস করছি। অসাম্য ও বৈষম্যের সঙ্গে প্রতিনিয়ত আপস করে যাচ্ছি। আমাদের এ ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠতে হবে।’ তিনি বলেন, ‘যদিও-বা কেউ আমাদের মারছে না, যদিও-বা হত্যা করছে না, যদিও-বা প্রত্যেকটি নারী ধর্ষিত হচ্ছে না, যদিও-বা ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না। প্রতিটি মানুষ নিজেকে সে পরাজয়ের অনুভূতি বহন করতে বাধ্য হচ্ছে। আমরা প্রতিটি মানুষ ভাবছি, আমাদের ওপর এ ঘটনাগুলো ঘটে, আমাদের কোনো বিচার পাওয়ার সুযোগ নেই।’
অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটক পরিবেশন করেন পোর্ট সিটি ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। এ ছাড়া গণসংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন রাজশ্রী।