জঙ্গিবাদকে মদদ দেয় বিএনপি: ওবায়দুল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের। জঙ্গিবাদ প্রসঙ্গে বিএনপির নেতা মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদকে তাঁরা একটি রাজনৈতিক বিষয় ভাবছেন। এখানে রাজনৈতিক অপশক্তি আছে। যে অপশক্তিকে মদদ দেয় পৃষ্ঠপোষকতা করে বিএনপি। এ কারণে আজকে তারা অন্তর্জ্বালায় মরছে।
জঙ্গিবাদ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করতে একটি মহল কাজ করছে। এখন পর্যন্ত জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে, তাদের খুব কমসংখ্যক অভিযুক্তকে বিচারের আওতায় আনা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের হত্যা করা হচ্ছে। এ জন্য বিষয়টি নিয়ে কিছুটা রহস্য থেকে যাচ্ছে।
ফখরুলের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের এ কথা বলেন।
বাংলাদেশে যাঁরা রাজনীতি করতে আগ্রহী বা যাঁরা করেন তাঁদের বঙ্গবন্ধুর কারাগারের দিনলিপি ‘কারাগারের রোজনামচা’ বইটি পড়ার আহ্বান জানান পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশের সামনে প্রধান বিপদ সাম্প্রদায়িক অপশক্তি। আজকের দিনে আমরা শপথ নেব সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ার।’