বহিরাগত যুবকদের নিয়ে চট্টগ্রাম কলেজের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় কলেজের মূল ফটকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ তিনজন হলেন মোবারক উদ্দিন (২২), ইসমাইল হোসেন (২৬) ও ইমাম হোসেন (২২)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, ইমাম হোসেনের পিঠে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের গুলি লেগেছে পায়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম এবং চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। গতকাল বেলা ১১টায় নুরুল মোস্তফার অনুসারীরা কলেজের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনের আয়োজন করেন। পরে তাঁরা মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে যান। সেখান থেকে ফিরে তাঁরা আবার কলেজের সামনে জড়ো হন। এ সময় কয়েকজন কলেজের ভেতরে ঢোকেন। তখন কলেজের ভেতরে থাকা নুরুল আজিমের অনুসারী নেতা-কর্মীরা মোস্তফার অনুসারীদের কাছে জানতে চান, কেন বহিরাগতদের নিয়ে মানববন্ধন করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
এ সময় চট্টগ্রাম কলেজ ও এর বিপরীত পাশে অবস্থিত হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সংঘর্ষের কারণে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষার কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী ও চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা পৌনে একটার দিকে মোস্তফার অনুসারী নেতা-কর্মীরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। তাঁদের একটি অংশ কিছুক্ষণ পর কলেজ থেকে ৫০০ গজ দূরে চকবাজার এলাকায় গিয়ে সড়ক বিভাজক (স্থানান্তরযোগ্য) তুলে ফেলে। এ কারণে সেখানেও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এর আগে গত ১৮ জুন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরদিন ১৯ জুন ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। ওই দুই দিনের সংঘর্ষে সাতজন আহত হন। তখনো সংঘর্ষের সময় গুলির শব্দ শোনা যায়।
গতকালের সংঘর্ষের বিষয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা ও নুরুল আজিমের অনুসারী মাহমুদুল করিম প্রথম আলোকে বলেন, নুরুল মোস্তফার অনুসারীরা বহিরাগতদের নিয়ে কেন মানববন্ধন করেছেন, তা জানতে চাইলে তাঁরা কয়েকজনকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা গুলি করেন বলে দাবি করেন তিনি। এতে তাঁদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।
অবশ্য নুরুল আজিমের অনুসারীরা গুলি করেছেন বলে পাল্টা অভিযোগ করেন নুরুল মোস্তফার অনুসারী ও চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা সুভাষ মল্লিক। তিনি বলেন, মানববন্ধন শেষ করে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মাহমুদুল করিমসহ কয়েকজন তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁদের তিনজন আহত হয়েছেন।
দুই পক্ষই আহত ব্যক্তিদের নিজেদের কর্মী দাবি করলে তাঁরা কেউ চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী নন বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ।
দুপুরে চট্টগ্রাম কলেজ এলাকায় গিয়ে দেখা যায়, নুরুল মোস্তফার অনুসারীরা মাহমুদুল করিমদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় গাড়ি চলাচলে তাঁরা বাধা দেন। বেলা সোয়া একটার দিকে নেতা-কর্মীরা এক ছাত্রকে মারধর করেন। বেলা তিনটার দিকে নগর পুলিশের একটি দল চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবনে অবস্থান করা ছাত্রলীগের কর্মীদের বের করে দেন। কলেজের সামনের সড়কে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্যও অনুরোধ করেন পুলিশ সদস্যরা। এ সময় কয়েকজন পুলিশের সঙ্গে তর্কে জড়ান। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ সাংবাদিকদের বলেন, সংঘর্ষের সময় কারা গুলি করেছে তা খুঁজে বের করা হবে। বারবার অনুরোধের পরও একটি পক্ষ সড়ক অবরোধ করে রাখে। তাঁদের সরাতে লাঠিপেটা করতে বাধ্য হয় পুলিশ।