জঙ্গিবাদবিরোধী ১৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ি’-এই স্লোগান সামনে রেখে লালমনিরহাটে জঙ্গিবাদবিরোধী ১৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় লালমনিরহাট জেলার প্রবেশমুখ তিস্তা সড়ক-সেতু থেকে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরো পয়েন্ট পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন লালমনিরহাট জেলা ১৪ দল এই মানববন্ধনের আয়োজন করে। লালমনিরহাটে এই প্রথম জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী এত দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনের বিভিন্ন পয়েন্টে নেতৃত্ব দেন স্থানীয় নেতারা। এ সময় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়ক দিয়ে চলাচলকারী সব যানবাহন কিছুটা ধীরগতিতে ও সাবধানে অতিক্রম করে।
লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. মতিয়ার রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে দলমত-নির্বিশেষে মুক্তিযুদ্ধের সপক্ষের ও অসাম্প্রদায়িক ভাবধারার সব মানুষকে ঐক্যবদ্ধভাবে এ সমস্যার মোকাবিলা করতে হবে।
বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বলেন, ‘জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমরা বিজয়ী হয়েছি। সেই বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা নিপাতে প্রয়োজনে আবারও আরেক মুক্তিযুদ্ধে আমরা সবাই যেতে রাজি আছি।’
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাদল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুন নাহার মেরী, জেলা জাসদের সভাপতি খোরশেদ আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ময়েজুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এস এম শফিকুল ইসলাম, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, কবি ও সাংবাদিক আবদুর রব সুজন প্রমুখ।