জঙ্গিবাদী সন্ত্রাস ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদী সন্ত্রাস ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা গতকাল মঙ্গলবার নগরে সমাবেশ করেছে।

বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ওই সমাবেশ হয়। এতে সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী প্রমুখ।

হাফিজুল ইসলাম বলেন, দেশ আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত। একদিকে টার্গেট কিলিং, গুপ্ত হত্যা, সাম্প্রদায়িক জঙ্গিবাদী সন্ত্রাস চলছে। আরেক দিকে চলছে সরকারের চরম ফ্যাসিবাদী শাসন ও লুটপাট। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশকে পরিচালিত করার মধ্য দিয়ে বুর্জোয়া শাসকেরা এ পরিস্থিতি তৈরি করেছে। জঙ্গিবাদ দমন করতে হলে তার উৎসমূলে আঘাত করতে হবে। দেশের মানুষের দৃষ্টি যখন জঙ্গিবাদের দিকে, ঠিক সেই সময় সরকার অতি ধূর্ততার সঙ্গে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি সেরে ফেলেছে। সুন্দরবন ধ্বংস হবে জেনেও সরকার তার গদির স্বার্থে এই কাজটি করছে। শুধু তা-ই নয়, ইতিমধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতা শুরু করেছে। দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করার আয়োজন চলছে। বিরোধী মত ও পথকে কঠোর হস্তে দমন করার মাধ্যমে চরম ফ্যাসিবাদী শাসক কায়েম করেছে। জঙ্গিরা যেমন তাদের মতো করে ইসলাম চায়, এর বাইরে যারা তাদের হত্যা করতে চায়, ঠিক তেমনি সরকারও তার মতের বাইরে যারা, তাদের দমন করতে চায়।

সুতরাং এ ক্ষেত্রে জঙ্গি ও সরকারের চিন্তা এক ও অভিন্ন। তাই বক্তারা সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সরকারের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির নেতা বিমল কান্তি দাস ও এম এ শাহীন, বাসদের নেতা আবু নাঈম খান, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম, বেলাল হোসাইন প্রমুখ।