সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জানালা-দরজা খুলে দিন, গণতন্ত্রের কাছে জঙ্গিবাদ এমনিতেই পরাজিত হবে। জঙ্গিবাদের আগুন নিয়ে না খেলার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক স্মরণসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত মনিরুজ্জামান মিঞার স্মরণে জিয়া পরিষদ ওই সভার আয়োজন করে। মনিরুজ্জামান মিঞা এই সংগঠনের উপদেষ্টা ছিলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন চালাচ্ছে। দেশের শিক্ষাঙ্গনের সকল স্তরে আওয়ামী লীগ তাদের দল ও নেতার আদর্শ জোর করে চাপিয়ে দিচ্ছে। শুধু বিএনপি বা ২০-দলীয় জোট নয়, শাসক দল ভিন্ন কোনো মতই সহ্য করতে পারছে না। রাখাল বালক ও বাঘের গল্পের সঙ্গে জঙ্গি উত্থানের তুলনা করে মির্জা ফখরুল বলেন, সরকার আগুন নিয়ে খেলছে। এই আগুন নিয়ে খেলতে থাকলে একদিন তারা পুরো জাতিকে পুড়িয়ে মারবে। তিনি জঙ্গিবাদ প্রতিরোধে এখনই জাতীয় কনভেনশন ডাকার আহ্বান জানান।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এই ভয়ংকর পথ থেকে সরে আসুন। এই আগুন নিয়ে খেলবেন না। বারবার বলেছি, চলে আসুন। ফিরে আসুন এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করুন।’
সরকারকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দিন, গণতান্ত্রিক ক্ষেত্রকে প্রসারিত করুন, এমনিতেই সংকুচিত করে ফেলেছেন। গণতন্ত্রের জানালা-দরজা খুলে দিন, জঙ্গিবাদ এমনিতেই পরাজিত হবে, গণতন্ত্রের কাছে জঙ্গিবাদ পরাজিত হবেই।’
মনিরুজ্জামান মিঞার স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেন, মনিরুজ্জামান মিঞা সারা জীবন অকৃতদার থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁকে আকৃষ্ট করেছিলেন। এরপর থেকে তিনি কীভাবে জাতীয়তাবাদী রাজনীতি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টা করেছেন। মনিরুজ্জামান মিঞাকে নিয়ে একটি স্মরণিকা করার জন্য জিয়া পরিষদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।