জঙ্গিবাদের উত্থানের পেছনে পরস্পরের ওপর দায় চাপানোর মধ্যে সীমাবদ্ধ ছিল ব্রিটিশ পার্লামেন্টের লর্ড সভার একটি সভাকক্ষে আয়োজিত সেমিনারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের আলোচনা। এতে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বলেছেন, বিরোধীদের ওপর দোষ চাপিয়ে সরকার নিজের দায়িত্ব এড়াতে পারে না, এটা অগ্রহণযোগ্য।
‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা’ শীর্ষক গতকাল মঙ্গলবারের ওই সেমিনারে যৌথভাবে সভাপতিত্ব করেন ব্রিটিশ লর্ড সভার সদস্য আলেক্সান্ডার চার্লস কারলাইল ও বাংলাদেশ-বিষয়ক সর্বদলীয় কমিটির চেয়ার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি অ্যান মেইন। সেমিনারের শুরুতে যুক্তরাজ্যের ‘চ্যাথাম হাউস রুলের’ কথা স্মরণ করিয়ে দিয়ে অনুরোধ করা হয়, যাতে সেমিনারের বক্তাদের উদ্ধৃত করে কোনো সংবাদ প্রচার করা না হয়। সেই অনুরোধের প্রতি শ্রদ্ধা রেখে সেমিনারে কোন বক্তা কী বলেছেন, তা উল্লেখ থেকে বিরত থাকছে প্রথম আলো।
মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বলেন, ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই মানবাধিকার এবং আইনের শাসনের সবচেয়ে বড় রক্ষক বনে যান। কিন্তু ক্ষমতায় গেলেই তারা সেসব ভুলে প্রতিশ্রুতির বিপরীতে আচরণ করেন। এ সময় একজন ১/১১ পরবর্তী সময়ে লন্ডনে নির্বাসিত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবাধিকার এবং আইনের শাসনের পক্ষে নানা উক্তির কথাও স্মরণ করিয়ে দেন। মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে সন্ত্রাসী হামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, খুন, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বন্ধ করার দায়িত্ব সরকারের। সুষ্ঠু তদন্ত এবং যথাযথ বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়েই এ দায়িত্ব পালন করতে হবে।
আওয়ামী লীগের প্রতিনিধিরা সরকারের বিভিন্ন সাফল্য ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলেই বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, তার প্রভাব এখনো টেনে চলছে বাংলাদেশ।
বিএনপির নেতারা দেশে গুম, খুন, গণগ্রেপ্তারের চিত্র তুলে ধরে বলেন, স্বাধীন মত প্রকাশ এবং রাজনীতির সুযোগ সীমিত হয়ে আসার কারণেই দেশে সন্ত্রাসী হামলার প্রবণতা বেড়েছে। জবাবে সরকারপক্ষ সন্ত্রাসবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে সম্মিলিতভাবে এই সমস্যা সমাধানের কথা বলে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, গুলশানের ঘটনার পর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে। জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসী সংগঠন জামায়াতের সঙ্গ ত্যাগ করার কথা বারবার বলা হলেও বিএনপি তা করছে না। এরপর বিএনপির পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়, জামায়াত যদি সন্ত্রাসী সংগঠন হয়, সরকার তাদের নিষিদ্ধ করে দিলেই তো সমস্যা চুকে যায়। কিন্তু সরকার তা করছে না।
সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুক্তরাজ্যের মুখপাত্র আবু বকর মোল্লার বক্তব্য দেওয়ার সময় হট্টগোল সৃষ্টি হয়। আওয়ামী লীগের বক্তারা বলেন, জামায়াতের কেউ উপস্থিত থাকবে জানলে তাঁরা এই সেমিনারে অংশ নিতেন না। এ নিয়ে তুমুল হট্টগোলের মধ্যে নিরাপত্তারক্ষীর সহায়তায় আবু বকর মোল্লাকে সেমিনার থেকে বের করে দেওয়া হয়।
বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টের লর্ড সভার প্রয়াত সদস্য এরিক অ্যাভবেরির উদ্যোগে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের নিয়ে ২০০৫ সাল থেকে সময় সময় সেমিনারের আয়োজন শুরু হয়। অ্যাভবেরির মৃত্যুর পর লিবারেল ডেমোক্র্যাট দলীয় লর্ড কারলাইল সেই দায়িত্ব নিয়ে এবারের সেমিনারের আয়োজন করেন।
সেমিনারে সরকারের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, জাতীয় পার্টির মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমদ ও নিতাই রায় চৌধুরী। বক্তব্য দেন সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন প্রতিনিধিও।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সেমিনারে যোগ দেওয়ার জন্য লন্ডনে এলেও আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি সেমিনারে অংশ নেননি।