জঙ্গিবাদের উত্থানে রাজনীতির ব্যর্থতা রয়েছে: আ জ ম নাছির
জঙ্গিবাদের বর্তমান উত্থানের পেছনে রাজনীতির চরম ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ জন্য সমাজ পরিচালনাকারী ব্যক্তি ও রাজনীতিবিদদের ব্যর্থতাকেও দায়ী করেন তিনি।
আজ শনিবার ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই মন্তব্য করেন। চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে নগরের ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী ও এক শ শিক্ষক অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাছির বলেন, ‘এক সময় ছাত্র সংগঠনগুলোতে রাজনৈতিক ক্লাস হতো। কর্মিসভা হতো। কিন্তু গত ১৫-২০ বছরে কোনো কর্মিসভা হয়েছে এখন তা কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না। এখানেই হলো মূল সমস্যা। যার কারণে আমাদের কাছ থেকে মূল্যবোধ উধাও হয়ে গেছে। আমরা যন্ত্রে পরিণত হয়েছি। কিছুই শিখছি না, জানতে পারছি না। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি।’
জঙ্গিবাদের বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মেয়র বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে। এসব জানলে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘জঙ্গিদের মরদেহ মর্গে পড়ে আছে। মানুষ তাদের জানাজায় অংশ নিচ্ছে না। পরিবারও তাদের লাশ নিচ্ছে না।’ এ সময় আশপাশের কারও মধ্যে হঠাৎ করে আচরণের পরিবর্তন দেখলে তা প্রশাসনকে অবহিত করতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, তারুণ্যের জোয়ারে দেশ স্বাধীন হয়েছিল। এখন তারাই জঙ্গিবাদ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেবে। বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তুলে ধরবে।
মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেন, জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের কেউ মনে রাখবে না। তারা শুধু পৃথিবীর ক্ষতি করছে না, ইসলামেরও ক্ষতি করছে। পৃথিবী তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
সভায় আরও বক্তব্য দেন সাবেক চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।