বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান বলেছেন, বাংলাদেশের কারাগারগুলো উগ্রবাদের চর্চাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
‘কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ শিরোনামে আয়োজিত ওই সম্মেলনে বিআইপিএসএসের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির রিসার্চ ফেলো আবু জায়েদ মোহাম্মদ কারাগারে জঙ্গিবাদের চর্চা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।
আবু জায়েদ মোহাম্মদ বলেন, জঙ্গিবাদ দমনে কারাগারগুলোয় কোনো কার্যকর ব্যবস্থা নেই। জঙ্গিবাদে জড়িয়ে যাঁরা গ্রেপ্তার হচ্ছেন, তাঁরা অন্য অপরাধীদের সঙ্গেই থাকছেন। তাঁরা কারাগার থেকে নিজেদের সংশোধন করতে পারছেন না। বরং অন্যদের উদ্বুদ্ধ করছেন।
উদাহরণ হিসেবে আবু জায়েদ মোহাম্মদ র্যা বের অভিযানে নিহত সারোয়ার জাহান ও খিজির হায়াৎ খান খুনের ঘটনায় গ্রেপ্তার তারিকুল ইসলামের কথা বলেন। জেএমবির সদস্য সারোয়ার জাহান এর আগে নয় মাস জেল খাটেন। জামিনে মুক্ত হওয়ার পর আবারও জঙ্গিবাদে জড়ান। জয়পুরহাটের তারিকুল ইসলাম ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার হন। ২০১৩ সালে জেল থেকে বের হন এবং ২০১৫ সালে খিজির হায়াৎ খানকে হত্যার দায়ে গ্রেপ্তার হন। খিজির হায়াৎ খান পীর হিসেবে পরিচিত ছিলেন।
ওই সম্মেলনে বিআইপিএসএসের রিসার্চ ফেলো শাফকাত মুনির সাইবার স্পেস (ইন্টারনেট) ব্যবহার করে তরুণেরা কী করে মৌলবাদে জড়াচ্ছেন, সে সম্পর্কে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে তিনি বলেন, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের তরুণেরা দিনে কমপক্ষে ১২ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করছেন। তাঁদের অনেকেই জঙ্গিবাদের ঝুঁকিতে আছেন। তাঁরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছেন, জিহাদ করতে আর দেশের বাইরে যাওয়ার দরকার নেই। তাঁরা শিখছেন গৃহস্থালি উপকরণ দিয়ে কী করে বোমা বানানো যায়, একে-৪৭ রাইফেলের রক্ষণাবেক্ষণের নিয়ম কী। ইন্টারনেট ব্যবহারের সুযোগ কমিয়ে না এনে তাঁরা যেন নিরাপদ থাকেন, সে বিষয়ে খোঁজখবর করা দরকার।
ফেসবুক, টুইটার, ইউটিউবে জঙ্গিগোষ্ঠীগুলোর উপস্থিতি নিয়ে আলোচনা করেন শাফকাত। তিনি বলেন, জেএমবির উত্থানপর্বে জঙ্গিগোষ্ঠীটির অনলাইন যোগাযোগের কথা তেমন শোনা যায়নি। কিন্তু এখন শোনা যাচ্ছে। আনসারুল্লাহ বাংলা টিম টুইটারে সরব।
বিআইপিএসএস আয়োজিত ওই সম্মেলনে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়াহ পিয়েরে লারাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিশ্বের কোনো দেশই এখন আর জঙ্গিবাদের ঝুঁকিমুক্ত নয়। তাই এই সমস্যা মোকাবিলায় দেশের ভেতরে ও বাইরে যোগাযোগ বাড়ানো দরকার। তিনি আরও বলেন, প্রতিটি জঙ্গিগোষ্ঠী বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে শোনা যাচ্ছ। বিদেশিদের টার্গেট করে হত্যার যে ঘটনা ঘটেছে, তা তাঁদের বেশি ভাবাচ্ছে।
সম্মেলনের প্রথম পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সহযোগী সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান। সেখানে তিনি জঙ্গিবাদ দমনে সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততার কথা বলেন।