জঙ্গিবাদের পৃষ্ঠপোষক দলের সঙ্গে ঐকমত্য নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদে যারা পৃষ্ঠপোষকতা করে, সেই দলটিকে বাংলাদেশের মানুষ চেনে। সেই দলের সঙ্গে ঐকমত্য হতে পারে না।
নোয়াখালীর কবিরহাট উপজেলার করমবক্স আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। আজ শনিবার দুপুরে এ অনুষ্ঠান হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও সমর্থককে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই কখনো সফল হবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদকে প্রতিরোধ করতে চাই।’
সেতুমন্ত্রী ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘সেদিন আমাদের সম্ভাবনাময় দুই পুলিশ কর্মকর্তা, মেট্রোরেলের পরামর্শক জাপানি সাতজন নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের দেশের ফারাজ এবং আরও দুজন অবিন্তা কবির ও ইশরাত আখন্দ, তাঁরা প্রতিভাবান ও মেধাবী। তাঁদেরও সেদিন নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সারা রাত জেগে সেনাবাহিনীর অপারেশন পর্যবেক্ষণ করেছিলেন। সেই পরিস্থিতি থেকে আজ বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার মতো নেতা বাংলাদেশে আছেন বলে। যে জঙ্গিবাদ ফ্রান্স দমন করতে পারেনি। লন্ডন বারবার আক্রান্ত হচ্ছে। লন্ডনের পুলিশ যা পারেনি, আমাদের পুলিশ শেখ হাসিনার মনিটরিংয়ে সেই সাহস প্রদর্শন করতে পেরেছে।
মন্ত্রী বলেন, ‘এই ঈদেও জঙ্গি হামলার আশঙ্কা ছিল। আমরা সতর্ক ছিলাম। আমাদের নেত্রীর দিকনির্দেশনা ছিল। আল্লাহর রহমতে কোথাও কোনো ঘটনা ঘটেনি।’
সেতুমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ এখানে দুর্বল হয়েছে, নির্মূল হয়নি। এখনো জঙ্গি আস্তানা পাওয়া যায়। পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে, কিন্তু এই হুমকি এখনো বন্ধ হয়নি। তাঁরা হয়তো তলে-তলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। কাজেই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ছেলেমেয়েরা যাতে আর্থিক অনটনের কারণে এদের খপ্পরে না পড়ে, আপনাদের খেয়াল রাখতে হবে।’
করমবক্স আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম প্রমুখ।