জঙ্গিবাদের পোকামাকড় ধ্বংসে কষ্ট স্বীকার করতে হবে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন স্কুল টিচার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত
অনলাইন স্কুল টিচার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের খোলা জানালা দিয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পোকামাকড়ও ঢুকবে। কিন্তু শান্তিতে বসবাসের জন্য সেই পোকামাকড় ধ্বংস করার বিকল্প নেই। পায়ে কাঁটা বিঁধলে তা তুলতে যেমন খানিক কষ্ট স্বীকার করতে হয়, তেমনি জঙ্গিবাদের পোকামাকড় ধ্বংসেও একটু কষ্ট স্বীকার করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রায়েরবাজারে গ্রামীণফোন, জাগো ফাউন্ডেশন এবং অগ্নি সিস্টেমসের উদ্যোগে প্রতিষ্ঠিত অনলাইন শিক্ষক কেন্দ্র উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রী আধুনিক উন্নত শিক্ষা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারকে দারিদ্র্য ও সাম্প্রদায়িকতার অন্ধকার থেকে বেরিয়ে আসার সিঁড়ি হিসেবে অভিহিত করেন। তিনি অনলাইন শিক্ষাপদ্ধতির প্রশংসা করে বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দূর-দূরান্তের শিক্ষার্থীদের কাছে আধুনিক শিক্ষা পৌঁছানোর ফলে সামাজিক ও ডিজিটাল বৈষম্য কমিয়ে আনবে।
তথ্যমন্ত্রী শিক্ষক কেন্দ্রের ১০টি স্টুডিও ঘুরে দেখেন এবং কয়েকটি জেলার স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে কথা বলেন। গ্রামীণফোনের যোগাযোগ পরিচালক মার্কাস এডাকটাসন, করপোরেট বিভাগের প্রধান মাহমুদ হোসেন, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ, অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিচালক জিয়া শামসী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়েছে, গাজীপুর, গাইবান্ধা, রাজশাহী, মাদারীপুর, বান্দরবান, টেকনাফ, রংপুর, দিনাজপুর, হবিগঞ্জ এবং লক্ষ্মীপুর জেলায় সুবিধাবঞ্চিত শিশুদের ১০টি স্কুলের প্রায় ৭০০ শিক্ষার্থীর জন্য রায়েরবাজার শিক্ষক কেন্দ্র থেকে অনলাইনে অডিও-ভিজ্যুয়াল ক্লাস পরিচালনা করা হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর ভবিষ্যৎ উন্নয়নে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে এই ধরনের শিক্ষা ব্যবস্থার একটি বিশেষত্ব।